ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪,৯৩০, নিখোঁজ প্রায় ৫০ হাজার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪,৯৩০, নিখোঁজ প্রায় ৫০ হাজারউদ্ধার অভিযান অব্যাহত, পুনর্গঠনে লাগতে পারে ৩৭ বিলিয়ন ডলার; নিষেধাজ্ঞা শিথিলের আহ্বানআন্তর্জাতিক ডেস্ক:গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। একই সঙ্গে এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্যোগে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।ভূমিকম্পের পর থেকেই উদ্ধার অভিযান চললেও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারের তৎপরতা ছিল ধীরগতির। বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ভূমিকম্পের পরপরই স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজ শুরু করলেও সরকারি সহায়তা পৌঁছাতে অনেক দেরি হয়েছে। এখনও অনেক ক্ষতিগ্রস্ত প্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় রয়েছেন।আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম শেষ হলেও বর্তমানে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসহ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। বাস্তুচ্যুত লুইসমারেজ পায়েজ জানান, সীমিত সহায়তা দিয়েই তিনি নিজের পরিবার ও অসুস্থ মায়ের দেখাশোনা করছেন।বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার দুর্যোগ মোকাবিলা ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রটের দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভেনেজুয়েলার প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ আটকে থাকায় পুনর্গঠন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।এদিকে, যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াইট হাউসের কাছে ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বর্তমান নিষেধাজ্ঞা জরুরি ত্রাণ কার্যক্রম এবং দেশটির পুনর্গঠন প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে পুনর্গঠনে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।