ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন নাহিদ রানা

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিলেন তরুণ পেসার নাহিদ রানা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার মাশরাফি বিন মুর্তজা এবং সাবেক তারকা পেসার রুবেল হোসেনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন তিনি।রোববার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন নাহিদ। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।নিজের ১০ ওভারের স্পেলে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন নাহিদ রানা। এই অসাধারণ বোলিংয়ের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং ফিগার।এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫.৫ ওভারে ২৬ রান খরচ করে সমান ৬ উইকেট শিকার করেন রুবেল। দুই কিংবদন্তিকে ছাড়িয়ে নাহিদ রানার এই কীর্তি শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন সম্ভাবনারও শক্ত বার্তা। তরুণ এই গতিতারকার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের শুরুতেই দারুণ আত্মবিশ্বাস পেল টাইগাররা।

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন নাহিদ রানা