ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
RTN News

বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের (বিজেএমএল) আরও প্রায় ১৫ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ দিয়েছে সরকার। নতুন এই জমিতে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার (৯ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত বন্ধ পাটকল পুনরায় চালুকরণ-সংক্রান্ত লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন বিনিয়োগের ফলে কারখানাটিতে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পাটজাত পণ্য উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি নতুন করে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে বিজেএমএলের ৭৭ দশমিক ২ একর জমির মধ্যে ৩৪ দশমিক ৫০ একর জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। এবার আরও ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হলো। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ৪০ টন পাটজাত পণ্য উৎপাদন করছে এবং সেখানে প্রায় ৩ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টিকে বেসরকারি বিনিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ১৪টির লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি কারখানায় ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানায় প্রায় সাড়ে ৯ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং প্রতিদিন প্রায় ১৬০ টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, রাষ্ট্রায়ত্ত অনেক কারখানার অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। তাই আধুনিক প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এর দৃশ্যমান সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও জানান, সব পাটকল একই পদ্ধতিতে লিজ দেওয়া হবে না। পিপিপি, দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি কিংবা যৌথ মালিকানাসহ উপযুক্ত মডেলের মাধ্যমে আইন অনুযায়ী লিজ কার্যক্রম পরিচালনা করা হবে।বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, এটি বন্ধ পাটকল পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পর্যায়ক্রমে আরও কয়েকটি মিল বেসরকারি বিনিয়োগের আওতায় আনা হবে। চুক্তিতে বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং জুট অ্যালায়েন্স লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ