ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
RTN News

ইরানের কেশম দ্বীপে ফের বিস্ফোরণ, মার্কিন হামলার আশঙ্কা

ইরানের কেশম দ্বীপে ফের বিস্ফোরণ, মার্কিন হামলার আশঙ্কাদক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আবারও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশটির উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হামলা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তা সংস্থা আনাদোলুও খবরটি জানিয়েছে।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর লেঙ্গেহ শহরে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। তবে এসব বিস্ফোরণের কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছিল এবং যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জয়ী হয়েছে। তবে কয়েক মাস ধরে কোনো লড়াই চলছে না বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাঁদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে।এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরানও। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। সূত্র: রয়টার্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, আনাদোলু

ইরানের কেশম দ্বীপে ফের বিস্ফোরণ, মার্কিন হামলার আশঙ্কা