দিল্লিতে ছয়তলা ভবন ধসে শিক্ষার্থীসহ বহুজন আটকা পড়ার শঙ্কা
দিল্লিতে ছয়তলা ভবন ধসে শিক্ষার্থীসহ বহুজন আটকা পড়ার শঙ্কাভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনার পর ভবনটির ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দলসহ বিভিন্ন সংস্থার কর্মীরা।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১টার দিকে ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি ধসে পড়ে। ৭৫ শয্যার ভবনটি পুরুষদের আবাসিক হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। সত্য নিকেতন এলাকায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় সেখানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী বসবাস করতেন।সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে দুজনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। ভবনটির ধ্বংসস্তূপে মোট কতজন আটকা পড়েছেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন। রোববার ছুটির দিন হওয়ায় অধিকাংশ বাসিন্দা হোস্টেলেই অবস্থান করছিলেন বলে তাঁদের ধারণা। ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী এএনআইকে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা গেছে।ভবন ধসের পর উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধারে কয়েকজনকে চেষ্টা করতে দেখা গেছে।উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, একটি এক্সকাভেটর, দুর্যোগ মোকাবিলা দল, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিটও পাঠানো হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করা হয়েছে। আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সিং সান্ধু দ্রুত উদ্ধার অভিযান পরিচালনায় পুলিশ, দমকল ও দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।