ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
RTN News

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রুশ হামলা, নিহত ৪০: জেলেনস্কি

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রুশ হামলা, নিহত ৪০: জেলেনস্কিইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।জেলেনস্কির দাবি, গত সোমবার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত একটি পুরোনো স্কুল ভবনে নয়টি বোমা নিক্ষেপ করে রাশিয়া।সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জেলেনস্কি লেখেন, ত্রাণ নিতে আসা মানুষের ওপর প্রথমে হামলা চালানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়। বুধবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ধ্বংসস্তূপের নিচে এখনো ৩০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে এই হামলাকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা যুদ্ধের অন্যতম প্রাণঘাতী ঘটনা বলে উল্লেখ করেছিলেন জেলেনস্কি। সে সময় তিনি জানিয়েছিলেন, হামলায় পুলিশ কর্মকর্তাসহ ৩৩ জন নিহত হয়েছেন।তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই এলাকায় তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক বাহিনী। এতে দেশটির ২৫ জন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।এদিকে, কিয়েভ ও মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।এর আগে গত সপ্তাহে মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এর আওতায় দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।ইউক্রেনীয় সংবাদমাধ্যম উক্রিনফর্মের তথ্য অনুযায়ী, আসন্ন বৈঠকে দেশটির মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস এবং প্রেসিডেন্ট জেলেনস্কির পার্লামেন্টারি দলের নেতা দাভিদ আরাখামিয়া উপস্থিত থাকবেন। সূত্র: এএফপি, আলজাজিরা।

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রুশ হামলা, নিহত ৪০: জেলেনস্কি