সেন্টমার্টিনে মরিচ ক্ষেতের জালে ধরা পড়ল ১৫ ফুট লম্বা অজগর
কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে মরিচ ক্ষেতের জালে আটকা পড়েছে প্রায় ১৫ ফুট দীর্ঘ একটি অজগর। শুক্রবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা মুসা আলীর বাড়ির আঙিনায় থাকা মরিচ ক্ষেতের জালে সাপটি ধরা পড়ে। তিনি জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন ২০ থেকে ২৫ কেজির মধ্যে হতে পারে। তাঁর ধারণা, সাপটির বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর।মুসা আলী বলেন, কয়েকদিন ধরেই স্থানীয় কেয়া বাগান ও আশপাশের ঝোপঝাড়ে অজগরটিকে চলাফেরা করতে দেখা যাচ্ছিল। শুক্রবার সকালে মরিচ ক্ষেতে দেওয়া জালে এটি আটকা পড়ে।অজগরটি কীভাবে দ্বীপে এসেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দা তৈয়ব উল্লাহর ধারণা, বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে সাগরের স্রোতে ভেসে আসা গাছ বা বাঁশঝাড়ের সঙ্গে সাপটি সেন্টমার্টিনে চলে আসতে পারে।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
দ্বীপের পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগ বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।