৩০৪ রান করেও আফগানিস্তানের হার, সুপার ওভারে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
৩০৪ রান করেও আফগানিস্তানের হার, সুপার ওভারে বাংলাদেশের রোমাঞ্চকর জয়আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে দুই দলই ৩০৪ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ফরিদ হাসানের দল। তৃতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশের যুবারা।ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে সমান ৩০৪ রান তোলে বাংলাদেশ। পরে সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়, যেখানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালজারি। ৯০ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এ ছাড়া ফরিদুল্লাহ এহসাস ৫১ এবং তাহির সারওয়ারি ৪৩ রান করেন।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুবাই ইসলাম রিজন। তিনি একাই নেন ৪ উইকেট। এসকে জারিফ সিয়াম পান ২ উইকেট। আল আমিন হোসেন ও শাকিল খান নেন একটি করে উইকেট।৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আবদুল্লাহ আল মুহি ও জারিফ সিয়াম ইনিংসের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। সিয়াম ২২ রান করে ফিরলেও মুহি করেন ৫০ রান।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন আল আমিন হোসেন। আহসান আল মুনিমের ব্যাট থেকে আসে ৫৬ রান। এ ছাড়া আবদুল্লাহ আল মুহি করেন ৫০ রান। বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অবদান রাখেন রুবাই ইসলাম রিজন। তিনি ৩৩ রান করে অপরাজিত থাকেন।আফগানিস্তানের বোলারদের মধ্যে নূর আলী নিয়াজি নেন সর্বোচ্চ ৩ উইকেট। সোহায়েল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি পান ২টি করে উইকেট।সুপার ওভারের রোমাঞ্চকর জয়ে চার ম্যাচের সিরিজে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। এখন তৃতীয় ম্যাচ জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের স্বাদ পাবে যুব দল।