ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
RTN News

রামেক হাসপাতালে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, পুলিশের হাতে গ্রেপ্তার; একজনকে মারধর

রামেক হাসপাতালে অবরুদ্ধের পর ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার, একজনকে মারধররাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অবরুদ্ধ থাকার পর নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাসপাতালের ভেতরে তাঁদের অবরুদ্ধ করে রাখেন রামেক ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যান। এ সময় দুই নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও মারধরের ঘটনাও ঘটে।মঙ্গলবার সকাল ১০টা থেকে শুভ ও নাহিদকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের পাশে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও র‌্যাবের সদস্যরা হাসপাতালে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে অবস্থান নেন।দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে দুজনকে বের করে নিয়ে আসা হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতা-কর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।তাঁদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছিল। গাড়িতে তোলার সময় শুভ ও নাহিদকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় মারধরও করা হয়। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। পরে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন কয়েকজন। একপর্যায়ে সিআরটি সদস্যরা নাহিদকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।শুভ কুমার মণ্ডল রামেকের ৫৯তম এবং নাহিদ হাসান ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন তাঁরা। এ উদ্দেশ্যেই মঙ্গলবার হাসপাতালে যান।সকাল থেকে পরিচালকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীরা জানান, কয়েক দিন ধরে শুভ ও নাহিদ হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার তিনি তাঁদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। পরে তাঁরা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসে ছিলেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর শুরু করেন। পরে তাঁদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, তা তদন্ত করা প্রয়োজন। যাঁরা তাঁদের হাসপাতালে আসার সুযোগ করে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। তবে শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামেক হাসপাতালে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, পুলিশের হাতে গ্রেপ্তার; একজনকে মারধর