ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
RTN News

টিটির বিরুদ্ধে মারধরের অভিযোগ,রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

টিটির বিরুদ্ধে মারধরের অভিযোগে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ, রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধরাজশাহী প্রতিনিধি: রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) মারধর করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নেওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।অভিযোগ অনুযায়ী, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ফোরকান উদ্দীন, যিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, দাবি করেন—টিটিরা কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নিচ্ছিলেন। তিনি এর প্রতিবাদ করলে ৬ থেকে ৭ জন টিটি তাকে দুই বগির মাঝখানে নিয়ে গিয়ে ঘাড় ও পিঠে মারধর করেন।ফোরকানের অভিযোগ, একপর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। এ সময় তার ব্যবহৃত চশমা ভেঙে যায়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—অভিযুক্ত টিটিকে সশরীরে উপস্থিত করা, ঘুষ গ্রহণের অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা ও হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।আন্দোলনরত শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলাম বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অবরোধস্থলে অবস্থান নেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি ও যাত্রীদের দুর্ভোগ—উভয় বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

টিটির বিরুদ্ধে মারধরের অভিযোগ,রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ