ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
RTN News

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ রয়েছেন। অন্যদিকে পদবঞ্চিত পক্ষের তালহা জোবায়ের, রায়হান এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান আহত হয়েছেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাককে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রাতে পদবঞ্চিত নেতা-কর্মীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।সোমবার দুপুরে পদবঞ্চিত নেতা-কর্মীরা আবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গেলে নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।পদবঞ্চিত পক্ষের জ্যেষ্ঠ সহসভাপতি পদপ্রার্থী ওমর ফারুকের অভিযোগ, তাঁরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা করা হলে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধারে এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা করা হয় বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁরা নতুন কমিটি মেনে নেবেন না। সংঘর্ষে বহিরাগতরাও জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।তবে নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের দাবি, তাঁরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন বিক্ষোভ মিছিল করছিলেন। আজানের সময় মিছিল বন্ধ করতে বলাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে তাঁদের ওপর হামলা হয়। এতে তাঁর দুই কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, কমিটি নিয়ে অসন্তোষ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা কলেজে অবস্থান করে দুই পক্ষের নেতা-কর্মীদের নিবৃত্ত করেন। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। কেন্দ্র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫