কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৩ গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৩ গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তারকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তিনটি গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রামের ‘১২০৭’ গ্যাংয়ের তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জের ‘পিএক্স ১০’ গ্যাংয়ের শাকিব (১৭) রয়েছেন।পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তাদের মধ্যে তারেক হোসেন সৈকত একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর অপ্রতিম শাহরিয়ার হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান আরও জোরদার করা হয়। সর্বশেষ পাঁচজনসহ এ পর্যন্ত অভিযানে মোট ২ হাজার ৩৪৬ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।