বিন্যান্সে ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো চুরি, খোয়া গেছে ৬৩৬ কোটি ডলারের সম্পদ
বিন্যান্সে ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো চুরি, খোয়া গেছে ৬৩৬ কোটি ডলারের সম্পদবিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্স থেকে প্রায় ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা হতে পারে। এ ঘটনার পর সাময়িকভাবে আমানত গ্রহণ ও অর্থ উত্তোলন বন্ধ করে দিয়েছে বিন্যান্স। তবে গ্রাহকদের ক্ষতি পূরণের আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের অর্থ নিরাপদ রয়েছে।বৃহস্পতিবার রাতে মাত্র ২০ মিনিটের মধ্যে ১০টি ব্লকচেইনে বিন্যান্সের বিভিন্ন ওয়ালেট থেকে এসব সম্পদ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রিএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিস। তাদের ধারণা, এ হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, চুরি হওয়া সম্পদের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এর মধ্যে স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার ও সার্কেল জব্দ করেছে ২৩০ কোটির বেশি ডলারের সম্পদ। বাকি অর্থের বিষয়ে বিস্তারিত জানায়নি বিন্যান্স। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, সম্পদ শনাক্ত ও জব্দের কার্যক্রম চলমান থাকায় চুরির পরিমাণ আরও বাড়তে পারে।ট্রিএম ল্যাবসের দাবি, উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইট এ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি কুখ্যাত লাজারাস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। চেইনঅ্যানালাইসিসও তাদের বিশ্লেষণে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে।তবে বিন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, তদন্তে এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও পরে আরও কয়েকটি অনুপ্রবেশের পথ শনাক্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি চুরি বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এসব অর্থ দেশটির অর্থনীতি সচল রাখা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা পারমাণবিক কর্মসূচিতে ব্যয় করা হতে পারে।এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর ক্রিপ্টো বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। বিটকয়েনের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে। ইথারের দামও ৩ শতাংশের বেশি কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ হাজার ১৭৮ ডলারে পৌঁছায়।বিন্যান্সের জরুরি তহবিল ‘সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজারস’-এ (এসএএফইউ) প্রায় ১০০ কোটি ডলার রয়েছে। তবে চুরি হওয়া সম্পদের তুলনায় এই তহবিলের পরিমাণ ছয় ভাগের এক ভাগেরও কম। তা সত্ত্বেও নিজস্ব তহবিল থেকে গ্রাহকদের ক্ষতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।ট্রিএম ল্যাবসের ২০২৬ সালের ক্রিপ্টো অপরাধবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১৫০টি হামলায় ২৮৭ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছে। এদিকে শুক্রবার বিন্যান্স জানিয়েছে, অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। আগামী ৪৫ ঘণ্টার মধ্যে অর্থ উত্তোলন কার্যক্রম আবার চালু করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স।