ঢাকা    শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

কর্ণফুলীর উত্তাল ঢেউয়ে সাহসিকতার গল্প, ৫ প্রাণ বাঁচালো কিশোর রবি

কর্ণফুলী নদী তখন উত্তাল। হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া মুহূর্তেই বদলে দেয় নদীর চিত্র। প্রবল বাতাস আর তীব্র ঢেউয়ের তাণ্ডবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজীঘাট ও কোদালা ঘাট এলাকায় একটি নৌকা ডুবে যায়।বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের ওই দুর্ঘটনায় নৌকায় থাকা একই পরিবারের সদস্যরা পড়েন জীবন-মৃত্যুর মুখোমুখি। চারদিকে তখন শুধু আতঙ্ক আর বাঁচাও বাঁচাও চিৎকার।ঠিক সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে ১৫ বছর বয়সী কিশোর মো. রবি উল্ল্যাহ। তার সঙ্গে ছিলেন বড় ভাই অলি উল্ল্যাহ এবং বন্ধু শিমুল ও আব্দুল্লাহ। পিতা মোহাম্মদ বাবুলের ইঞ্জিনচালিত বোট নিয়ে তারা ছুটে যান ডুবন্ত যাত্রীদের উদ্ধারে।প্রবল ঝড়ের মধ্যে নদীতে নামা যে কতটা বিপজ্জনক, তা সহজেই অনুমেয়। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু ভয়কে জয় করে উদ্ধার অভিযানে নামেন এই তরুণরা। প্রায় ১০ মিনিটের শ্বাসরুদ্ধকর চেষ্টায় তারা ডুবে যাওয়া দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।উদ্ধারকাজে গিয়ে নিজেও আহত হন রবি উল্ল্যাহ। তার পায়ে কেটে যায়। তবুও থেমে থাকেননি তিনি। মানুষের জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত চালিয়ে যান উদ্ধার অভিযান।ঘটনার পর স্থানীয়দের মুখে মুখে এখন একটাই নাম—রবি উল্ল্যাহ। এলাকাবাসীর ভাষ্য, এত কম বয়সে এমন সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। কেউ কেউ তাকে ‘কর্ণফুলীর সাহসী কিশোর’ বলেও আখ্যা দিয়েছেন।তবে এত প্রশংসার মাঝেও রবির কণ্ঠে রয়েছে আক্ষেপ। নিখোঁজ নববধূ কনিকা দাশকে উদ্ধার করতে না পারার কষ্ট এখনও তাকে তাড়া করে ফিরছে।রবি বলেন, “নববধূকেও যদি বাঁচাতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো।”রবির বাড়ি রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায়। নদীর সঙ্গে তার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। তার বাবা মোহাম্মদ বাবুল দেওয়ানজীঘাট এলাকার একজন ইঞ্জিন নৌকা চালক। ছোটবেলা থেকেই নদী ও নৌকার সঙ্গে বেড়ে ওঠা রবির সাহসিকতায় সেই অভিজ্ঞতারই প্রতিফলন দেখা গেছে বলে মনে করছেন স্থানীয়রা।এদিকে নিখোঁজ কনিকা দাশের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অভিযান চালিয়েছে। ঝড়ের সেই ভয়াল মুহূর্তে যখন অনেকেই আতঙ্কে দিশেহারা, তখন কয়েকজন তরুণের মানবিক সাহস ফিরিয়ে দিয়েছে পাঁচটি প্রাণ। কর্ণফুলীর ঢেউ হয়তো একদিন শান্ত হবে, কিন্তু রবি উল্ল্যাহদের সাহসিকতার গল্প রয়ে যাবে মানুষের মুখে মুখে।

কর্ণফুলীর উত্তাল ঢেউয়ে সাহসিকতার গল্প, ৫ প্রাণ বাঁচালো কিশোর রবি