ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
RTN News

উত্তরা ফুটপাত উচ্ছেদে ঘুষের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে ঘিরে হেনস্তা

উত্তরা ফুটপাত উচ্ছেদে ঘুষের অভিযোগ,ম্যাজিস্ট্রেটকে ঘিরে হেনস্তারাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। পরে ওই টাকা তাঁর কাছ থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ।ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুটপাত উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন। ফুটপাতে দোকান বসানোর অভিযোগে কয়েকজনকে জরিমানা করেন তিনি। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসক আরও জানান, অতীশ দর্শী চাকমা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত ম্যাজিস্ট্রেট নন। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং ফুটপাত উচ্ছেদসহ বিভিন্ন অভিযান পরিচালনার জন্য তিন মাসের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অতীশ দর্শী চাকমা তাঁদের একজন।

উত্তরা ফুটপাত উচ্ছেদে ঘুষের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে ঘিরে হেনস্তা