ঈশ্বরদীতে জামায়াত নেতাদের ৪ বাড়িতে হামলা-ভাঙচুর, ৮ মোটরসাইকেলে আগুন
ঈশ্বরদীতে জামায়াত নেতাদের ৪ বাড়িতে হামলা-ভাঙচুর, ৮ মোটরসাইকেলে আগুনপাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চার নেতা–কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে সোমবার বিকেলে একই এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। পরে তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার পর জামায়াতের চার নেতা–কর্মীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ জন্য বিএনপির নেতা–কর্মীদের দায়ী করেছেন জামায়াত নেতারা।স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারীদের একটি দল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।গুলির ঘটনার পর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানের অভিযোগ, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।তবে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, তাঁরা আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ–সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে গুলি ছোড়েন। তাঁদের ভাষ্য, পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। জামায়াতের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই।জাকারিয়া পিন্টু প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন না। পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধের জেরেই গুলি ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। জামায়াতের কারও বাড়িতে হামলার বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেন।এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। এ সময় পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়; পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটেছে। একটি পক্ষ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলি ও অগ্নিসংযোগের দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।