লাঠিচার্জের পর ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার পর আবারও সংসদ ভবনের সামনে জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।আন্দোলনকারীরা খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কও অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের একজন, তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন, তাদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কারও সঙ্গে কার্যকর আলোচনা হয়নি। তিনি বলেন, প্রতিনিধিরা ভেতরে যাওয়ার পর বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও আগামীকালের পরীক্ষা বা দাবিগুলো নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। তবে কিছু সময় পরই শিক্ষার্থীরা আবারও একই এলাকায় ফিরে এসে আন্দোলন শুরু করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান অব্যাহত রেখেছেন।