খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, আজাদি সড়কে শোকের মিছিল
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে নেমেছে লাখো মানুষ। সোমবার (৬ জুলাই) ভোর থেকেই আজাদি সড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শোকাহত মানুষের ঢল নামে শেষযাত্রায় অংশ নিতে।খামেনির মরদেহবাহী একটি ট্রাক ধীরগতিতে জনসমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে যায়। একই ট্রাকে তার পরিবারের আরও চার সদস্যের মরদেহও বহন করা হয়। শোকমিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল কালো পতাকা ও খামেনির প্রতিকৃতি। বিভিন্ন স্থানে শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগানও দিতে দেখা যায়।তেহরানের আজাদি স্কয়ারে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফে নেওয়া হবে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে।রাষ্ট্রীয়ভাবে আয়োজিত এই শেষযাত্রাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শোকসমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশজুড়ে শোক পালনের বিভিন্ন কর্মসূচিও অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা