ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যয়, আসামে নিহত ৮৫, কেরালায় প্রাণহানি বেড়ে ১৫
ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যয়, আসামে নিহত ৮৫, কেরালায় প্রাণহানি বেড়ে ১৫আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় কয়েকটি রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসাম ও কেরালা। বন্যা ও বৃষ্টিজনিত ঘটনায় আসামে এ পর্যন্ত ৮৫ জন এবং কেরালায় ১৫ জনের মৃত্যু হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন বলেন, এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। রাজ্যজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও অনেক এলাকায় এখনো ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) কেরালার ১০টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। তিরুবনন্তপুরম, কোল্লাম, ত্রিশূর ও পালাক্কাড ছাড়া রাজ্যের বাকি জেলাগুলো এই সতর্কতার আওতায় রয়েছে।রোববার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি সোমবার সকালেও কোচিসহ বিভিন্ন এলাকায় অব্যাহত ছিল। মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির চালু করা হয়েছে। সেখানে বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ হাজার ১৮ জন আশ্রয় নিয়েছেন।পরিস্থিতির কারণে কেরালার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কয়েকটি এলাকায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।অন্যদিকে আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ পুরোপুরি কাটেনি। বর্তমানে রাজ্যের পাঁচ জেলায় প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে অবস্থান করছেন। এর আগে এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ।
রোববার শিবসাগর জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ভারী বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় আসামে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে রাজ্য সরকারের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।