ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
RTN News

পানামায় জোড়া ভূমিকম্পের পর জরুরি অবস্থা, আহত ২৭

পানামায় জোড়া ভূমিকম্পের পর জরুরি অবস্থা, আহত ২৭মধ্য আমেরিকার দেশ পানামায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। শুক্রবার ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর শনিবারও একের পর এক পরাঘাতে কেঁপে ওঠে দেশটির বিভিন্ন এলাকা। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর, বিদ্যালয়, হোটেল, গির্জা ও সেতু।কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দেশের ১০টি প্রদেশ ও দুটি আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কয়েকটি ভবন ধসে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।ভূমিকম্পবিদেরা শতাধিক পরাঘাত শনাক্ত করেছেন। এর মধ্যে ৫ দশমিক ৮, ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ২ মাত্রার কম্পনও ছিল।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল পানামার মধ্যাঞ্চলীয় হেরেরা প্রদেশের প্রত্যন্ত পিতালোজা আরিবা জনপদের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। প্রতিবেশী কলম্বিয়াতেও কম্পন অনুভূত হয়েছে।রাজধানী পানামা সিটিতে এক সংবাদ সম্মেলনে জরুরি অবস্থা ঘোষণার কথা জানান প্রেসিডেনশিয়াল মিনিস্টার হুয়ান কার্লোস ওরিলাক। তিনি বলেন, ভূমিকম্পে বাড়িঘর, বিদ্যালয়, স্বাস্থ্যসেবা কেন্দ্র, সড়ক ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।জাতীয় বেসামরিক সুরক্ষা ব্যবস্থার উপপরিচালক মালিতজি রিভেরা জানান, ভূমিকম্পে অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাঁদের আঘাত মৃদু থেকে মাঝারি মাত্রার।ক্ষতিগ্রস্ত শত শত বাড়ি ও বিদ্যালয়ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পানামার মধ্যাঞ্চলীয় ভেরাগুয়াস, হেরেরা, কোকলে ও লস সান্তোস প্রদেশে। বেসামরিক সুরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী, প্রায় ৪২০টি বাড়ি এবং সমসংখ্যক সরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সাতটি হোটেল, অন্তত ১৩টি গির্জা ও নয়টি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ঔপনিবেশিক আমলের জনপদ লা ভিয়া দে লস সান্তোসে কয়েকটি বাড়ি ও একটি ঐতিহাসিক ক্যাথলিক গির্জা ধসে পড়েছে। রাতভর রাস্তায় কাটানো বাসিন্দারা পরবর্তী করণীয় সম্পর্কে সরকারি নির্দেশনার অপেক্ষায় ছিলেন।ভূমিকম্পে টনি হিমেনেজের বাড়ির একাংশ ধসে পড়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটি তাঁবুর নিচে আশ্রয় নেওয়া ৯০ বছর বয়সী হিমেনেজ বলেন, ‘গতকাল দুপুর একটা থেকে আমরা এখানে আছি। একটুও নড়িনি।’তিনি আরও বলেন, ‘এটা ছিল ভয়াবহ ঘটনা। আমি নিশ্চিত করে বলতে পারি, জীবনের ৯০ বছরে এমন কিছু কখনো দেখিনি। কম্পন ছিল প্রচণ্ড—সত্যিই প্রচণ্ড।’শনিবার পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছেন বলে জানায়নি কর্তৃপক্ষ। তবে ভূমিধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।প্রাণহানি কম হওয়ার পেছনে ভবন নির্মাণবিধি?ভূমিকম্পের তীব্রতা সত্ত্বেও পানামায় ব্যাপক প্রাণহানির খবর না আসার পেছনে দেশটির কঠোর ভবন নির্মাণবিধির ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে রাজধানীতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে এসব বিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির ভূকম্পবিদ্যা বিভাগের প্রধান কার্লোস ভালদেস এমন মত দিয়েছেন। তবে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি নিরূপণ অব্যাহত থাকায় পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগতে পারে।সহায়তার প্রস্তাব বিভিন্ন দেশেরভূমিকম্পের পর মধ্য আমেরিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ পানামার প্রতি সমর্থন জানিয়েছে এবং সহায়তার প্রস্তাব দিয়েছে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, শুক্রবার চিলি, উরুগুয়ে ও গুয়াতেমালাসহ কয়েকটি দেশের নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে দেশটিতে একটি দুর্যোগ মোকাবিলা দল পাঠানো হয়েছে। দলটি অনুসন্ধান ও উদ্ধারকাজে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার পাশাপাশি আকাশপথে ও সরেজমিনে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করবে। মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকার ৫০ লাখ ডলার দেওয়ারও ঘোষণা দিয়েছে।এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, পররাষ্ট্র দপ্তরের মাদক নিয়ন্ত্রণবিষয়ক ব্যুরোর সহায়তায় দুটি হেলিকপ্টারে করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০৭ কেজি খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।জরুরি অবস্থা ঘোষণার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ, সহায়তা বিতরণ এবং যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছে পানামা সরকার।সূত্র: দ্য গার্ডিয়ান

পানামায় জোড়া ভূমিকম্পের পর জরুরি অবস্থা, আহত ২৭