বিদেশযাত্রা এড়াতে বিমানে ছিনতাইয়ের ভুয়া হুমকি, গ্রেপ্তার যাত্রী
বিদেশযাত্রা এড়াতে বিমানে ছিনতাইয়ের ভুয়া হুমকি, গ্রেপ্তার যাত্রীঅফিসের কাজে বিদেশে যেতে হবে, কিন্তু সেই সফরে যেতে রাজি ছিলেন না তিনি। অসুস্থ স্ত্রীকে কলকাতায় রেখে বিদেশে যেতে চাননি। তাই বিদেশযাত্রা এড়াতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাইয়ের ভুয়া হুমকি দিয়ে ফ্লাইট বাতিলের চেষ্টা করেন। এ ঘটনায় পার্থপ্রতিম নন্দী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।গ্রেপ্তার পার্থপ্রতিম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা।গত বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ ফ্লাইট। বিমানটিতে ১০৫ জন যাত্রী ছিলেন। এ সময় বিমানের শৌচাগার থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। এতে উল্লেখ ছিল, বেলা ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে।হুমকির বিষয়টি জানার পরপরই সতর্ক হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ। পাইলট বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। পরে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে সেটিকে আইসোলেশন বে-তে নেওয়া হয়।খবর পেয়ে সেখানে পৌঁছান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্যরা। তাঁদের সঙ্গে ছিল প্রশিক্ষিত কুকুর ও বোমা নিষ্ক্রিয়করণ দল। বিমানবন্দরের কর্মকর্তারাও তল্লাশিতে অংশ নেন।প্রায় সাত ঘণ্টা ধরে নিরাপত্তা পরীক্ষা চালানোর পর বিমান ছিনতাইয়ের হুমকিটি ভুয়া বলে নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বিকেল ৫টা ৩৮ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি।এদিকে ঘটনার তদন্তে নেমে বিমানের যাত্রীদের হাতের লেখার নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় পার্থপ্রতিম নন্দীকে।পরে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন সিআইএসএফের সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, অফিসের কাজে আফ্রিকার একটি দেশে যাওয়ার কথা ছিল পার্থপ্রতিমের। কিন্তু অসুস্থ স্ত্রীকে কলকাতায় রেখে বিদেশে যেতে রাজি ছিলেন না তিনি। তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদেশযাত্রা এড়াতেই বিমান ছিনতাইয়ের ভুয়া হুমকি দিয়ে ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেন তিনি।তদন্তকারীরা জানিয়েছেন, নিজের মানিব্যাগের ভেতরে থাকা একটি ছোট কাগজে বড় হাতের ইংরেজি অক্ষরে ছিনতাইয়ের হুমকিটি লিখেছিলেন পার্থপ্রতিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।তবে তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করছেন তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন