বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, অস্ট্রেলিয়ার সংসদে আবেগঘন মুহূর্ত
বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, অস্ট্রেলিয়ার সংসদে আবেগঘন মুহূর্তঅস্ট্রেলিয়ার সংসদে নিজের বিদায়ী ভাষণ দিতে উঠে এক ব্যতিক্রমী মুহূর্তের জন্ম দিলেন সংসদ সদস্য জর্ডান লেন। রাজনৈতিক জীবনের শেষ ভাষণের একপর্যায়ে সংসদে উপস্থিত সবার সামনে দীর্ঘদিনের সঙ্গী নাটালিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। নাটালিও সম্মতি জানালে আনুষ্ঠানিক বিদায়ী ভাষণ পরিণত হয় আবেগঘন এক স্মরণীয় ঘটনায়।জর্ডান লেন রাইড আসনের সংসদ সদস্য। সংসদে দেওয়া ভাষণটিকে নিজের রাজনৈতিক জীবনের শেষ বক্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। ভাষণে রাজনীতি, পরিবার, ভালোবাসা ও জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে কথা বলেন এই অস্ট্রেলীয় এমপি। একই সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের আগে নিজের একটি বিশেষ ইচ্ছার কথাও জানান।পুরো ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন লেন। সেখানে তিনি লেখেন, ‘আজ সংসদে আমার শেষ ভাষণ দিলাম। রাইডকে আমি ভালোবাসি, সব সময় ভালোবাসব। কিন্তু নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’ভাষণের শুরুতে লেন বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, তেমনি সেই সিদ্ধান্ত অন্যদের কাছে ব্যাখ্যা করাও সহজ নয়। ভালোবাসা তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে, তা তুলে ধরে তিনি বলেন, ভালোবাসা ও রাজনীতি—দুটিই তার জীবনে অসাধারণ অভিজ্ঞতা এনে দিয়েছে এবং ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রেখেছে।নিজের রাজনৈতিক পথচলার শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে লেন জানান, নির্বাচনে জয় পাওয়া তার জন্য সহজ ছিল না। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক সাফল্য অর্জন করতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নই। আর রাইডের মানুষ প্রায় তিন-চতুর্থাংশ শতাব্দী ধরে বিরোধী দলের একজন নতুন সংসদ সদস্যকে নির্বাচিত করেননি।’ভাষণে বাবা-মা জ্যানেল ও রিচার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লেন। সততা, কঠোর পরিশ্রম ও মানুষের প্রতি শালীন আচরণের মতো মূল্যবোধ শেখানোর জন্য তাদের ধন্যবাদ জানান। নিজের জন্মভূমি রাইডের সঙ্গে গভীর সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, সারা জীবন এই এলাকাতেই কাটিয়েছেন। রাইড সব সময় তার বাড়ি হয়ে থাকবে এবং সেখানকার মানুষ তার পরিবারের অংশ হয়েই থাকবেন।এ ছাড়া দুই বোন কেন্ডাল ও ম্যাডিসন, দাদি জুন এবং লিলি ও অস্কারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। জীবনের বিভিন্ন সময়ে তাদের ভালোবাসা ও সমর্থনের কথা স্মরণ করেন এই সংসদ সদস্য।তবে ভাষণের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল নাটালিকে ঘিরে। তাদের সম্পর্কের কথা বলতে গিয়ে লেন জানান, নানা প্রতিকূলতা পেরিয়েও তাদের ভালোবাসা টিকে রয়েছে। নাটালিকে নিজের জীবনের সব ভালো ও সত্য অনুভূতির উৎস হিসেবে বর্ণনা করেন তিনি।ভাষণের শেষ দিকে লেন বলেন, অনেক সময় কথার চেয়ে কাজের মাধ্যমে মনের অনুভূতি আরও ভালোভাবে প্রকাশ করা যায়। এরপর নাটালির দিকে ফিরে সংসদে দাঁড়িয়েই তাকে বিয়ের প্রস্তাব দেন।স্পিকারকে সম্বোধন করে তিনি বলেন, ‘রাইডের সংসদ সদস্য হিসেবে আমার শেষ প্রশ্নটি আমার সবচেয়ে প্রিয় মানুষ নাটালির উদ্দেশে। তুমি কি আমাকে বিয়ে করবে?’নাটালি মাথা নেড়ে সম্মতি জানান। মুহূর্তেই সংসদের আনুষ্ঠানিক পরিবেশ বদলে যায় আবেগঘন ব্যক্তিগত মুহূর্তে। উপস্থিত সহকর্মী ও সংসদ সদস্যদের সামনে জর্ডান লেনের বিদায়ী ভাষণ হয়ে ওঠে জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।রাজনীতি, জনসেবা, পরিবার ও ভালোবাসার কথা দিয়ে শুরু হওয়া ভাষণের শেষটা এমন ঘটনায় পরিণত হবে, তা হয়তো উপস্থিত অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। সংসদ সদস্য হিসেবে রাইডের মানুষের উদ্দেশে শেষ বক্তব্য দিতে এসে জর্ডান লেন রাজনৈতিক জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি টানার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।সূত্র: এনডিটিভিবিডি প্রতিদিন/কেএইচটি