হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হেলিকপ্টারে করে সুন্দরবনের আকরাম পয়েন্ট ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকাশপথে পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সুন্দরবন পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।
নলিয়ানে অবতরণের পর প্রধানমন্ত্রী নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। সেখানে বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।