প্রায় এক দশকের সম্পর্কের পর আলাদা পথে প্রীতম হাসান ও শেহতাজ
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
রোববার রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ্যে জানান প্রীতম ও শেহতাজ। পরে যোগাযোগ করা হলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন শেহতাজ।
প্রীতম তাঁর পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা ভবিষ্যতেও থাকবে।
কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, সে বিষয়ে প্রীতম জানান, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন যে পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
শেহতাজও তাঁর পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের পথচলার পর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি সম্মান ও শুভকামনা থাকার কথাও জানান তিনি।
ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সংবেদনশীলতা ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রীতম ও শেহতাজের পরিচয় হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সময় তাঁদের পরিচয় হয়, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়।
তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। শেষ পর্যন্ত রোববার দুজনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান।