কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। অভিযোগের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলেজে যাতায়াতের পথে ওই ছাত্রীকে রিজভী বিরক্ত করতেন বলে তাঁর পরিবারের অভিযোগ। বিষয়টি জানার পর পরিবার থেকে তাঁকে সতর্ক করা হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও এতে রাজি হয়নি ছাত্রীর পরিবার।
অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে বাড়ির কাছে একটি দোকানে যাওয়ার সময় রিজভী ও তাঁর সহযোগীরা ওই কলেজছাত্রীকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ছাত্রীর পরিবার।
ঘটনার পর গাজীপুর জেলা ছাত্রদল রিজভীকে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে এখনো ওই কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রিজভীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।