প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছেন মোহাম্মদপুরের রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’। রোববার সন্ধ্যার পর গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজাকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে হাজিরা শেষে তাঁকে প্রিজনভ্যানে করে কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল।
পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এলাকায় টয়লেটে যাওয়ার কথা বললে তাঁকে ভ্যান থেকে নামানো হয়। এরপর সেখান থেকেই তিনি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পেরেছে কারাগার কর্তৃপক্ষ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেল সুপার। তাঁর দাবি, ঘটনায় কারাগার কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাঁর কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।