‘পরাজিত শক্তির মাঠে কোনো কার্যক্রম চালানোর অধিকার নেই’: রিজভী
চব্বিশের গণ-আন্দোলনে পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তির মাঠে কোনো কার্যক্রম চালানোর অধিকার নেই। তবে অন্য রাজনৈতিক দলগুলোর রাজপথে সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, চব্বিশের গণ-আন্দোলনে পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁর ভাষ্য, রাজনৈতিক কর্মসূচি পালন ও সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। তবে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যার সুযোগ নিয়ে পরাজিত শক্তি আবার রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।
সাম্প্রতিক বাসে আগুন, বিস্ফোরণ ও বোমা হামলার ঘটনাগুলোকে পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সমাবেশ শেষে নয়াপল্টন এলাকা থেকে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়।