কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৪১, নিখোঁজদের সন্ধানে তল্লাশি
কঙ্গোর টাঙ্গানিকা হ্রদে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাওয়ার পথে মাপেরা গ্রামের কাছে নৌযানটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ও মালামাল ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, রাতের দিকে ঘুম থেকে উঠে তারা নৌযানটি একদিকে কাত হয়ে যেতে দেখেন।
কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোই জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।
এক মাসেরও কম সময়ের মধ্যে কিগোমা-কালেমি পথে এটি দ্বিতীয় নৌদুর্ঘটনা। এর আগে গত জুলাইয়ে মধ্য কঙ্গোয় শিক্ষার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।