জিয়া হত্যাকাণ্ডে গুলি চালান মতিউর, এরশাদ হেলিকপ্টারে চট্টগ্রামে যান: মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন বলে জানিয়েছেন মেজর (অব.) মোজাফফর হোসেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
জিয়াউর রহমান হত্যায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মোজাফফরকে রোববার তদন্ত সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা তাঁর জিজ্ঞাসাবাদ চলে। সোমবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়েও মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যেসব তথ্য দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হবে।
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।