পদ্মায় ঝোড়ো বাতাসে নৌকাডুবি, ভারতে বিএসএফের হাতে উদ্ধার ১০
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে থাকা ১০ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছেন। তবে নৌকায় মোট কতজন ছিলেন, তা নিয়ে স্থানীয় বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে নৌকাটি নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর-বেলপাড়া এলাকার উদ্দেশে রওনা হয়। মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোমিন শরীফ জানান, নৌকাটিতে ১১ জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর ১০ জনকে বিএসএফ উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসে বর্তমানে বাখের আলী বিজিবি ক্যাম্পে রয়েছেন।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী থেকে একটি নৌকা ডুবে ১১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে ১০ জনকে বিএসএফ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফেরাতে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তবে আলীনগর ঘাটের ইজারাদার আবুল কালাম দাবি করেন, নৌকাডুবির ঘটনায় ১১ জনই জীবিত উদ্ধার হয়েছেন। তাঁর দাবি, এ ঘটনায় বর্তমানে কেউ নিখোঁজ নেই।
অন্যদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে এক আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁরা বাখের আলী ঘাট থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁর দাবি, নৌকাটিতে ১২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে বিএসএফ উদ্ধার করেছে, একজন সাঁতরে বাংলাদেশে ফিরে বিজিবি ক্যাম্পে আছেন এবং আরও একজন বয়স্ক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
নৌকায় থাকা যাত্রীর সংখ্যা ও নিখোঁজ ব্যক্তির বিষয়ে স্থানীয় সূত্রগুলোর বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।