গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, মিছিলটি মাত্র পৌনে এক মিনিট স্থায়ী হয়। এর মধ্যেই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লেও এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা ককটেল ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এ সময় মো. আরাফাত ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি দাউদ হোসেন জানান, মিছিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দেওয়া হয়।
গ্রেপ্তার দুজনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকশ মানুষের মিছিলের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।