স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ইট দিয়ে মাথায় আঘাত, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ
রাজধানীর সবুজবাগে পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী রেহেনা আক্তারের (৪০) বিরুদ্ধে। হত্যার পর নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ৯৯৯-এ ফোন করে রেহেনা আক্তার জানান, আগের দিন বুধবার রাতে তিনি তাঁর স্বামী মাহফুজুর রহমানকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে তিনি ঘুমিয়ে পড়লে ইট দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন।
৯৯৯ সূত্রে জানা যায়, রেহেনার ফোনটি গ্রহণ করেন কল টেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।
খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের পাশাপাশি স্বামীর অন্য নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।