রাজনীতিতে পরিবর্তনের ডাক, ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ চান সোনম ওয়াংচুক
ভারতের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ লক্ষ্যে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর ডাক দিয়েছেন।
ওয়াংচুক দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের এলাকা থেকে সৎ, সাহসী, যোগ্য ও নিঃস্বার্থ ব্যক্তিদের খুঁজে বের করেন—যারা দেশের ভবিষ্যৎকে আরও সুন্দর করতে নেতৃত্ব দিতে পারেন।
তার মতে, ভারতের অনেক সাংসদের বিরুদ্ধেই খুন, অপহরণসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। এ কারণে রাজনৈতিক নেতাদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি।
কীভাবে এই পরিবর্তন আনা যায়, তা নিয়ে দেশের সৎ ও সচেতন নাগরিকদের সঙ্গে আলোচনা করতে চান ওয়াংচুক। এ ক্ষেত্রে শুধু বুদ্ধিজীবীদের নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। নিজ নিজ এলাকা থেকে যোগ্য ও সৎ ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই বিজ্ঞানী।
রাজনীতি সংস্কারের এই আহ্বানের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধেও সম্প্রতি সমর্থন জানিয়েছেন ওয়াংচুক। ঝাড়খণ্ডে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশনেও তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস