বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন, দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন স্বামীর
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক নারীর বিয়ের দাবিতে অনশনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারীর স্বামী দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। অনশনরত নারী মাহমুদা আক্তার তিন সন্তানের জননী। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে একই এলাকার ফয়েজ মিয়া ওরফে খয়েজের দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে পারিবারিক কলহ আরও বেড়ে যায়।
এরই মধ্যে মাহমুদা আক্তার ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। স্থানীয়দের দাবি, তিনি টানা তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন।
স্ত্রীর এমন ঘটনায় ক্ষুব্ধ সোহেল মিয়া শনিবার দুপুরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অনশনরত মাহমুদা আক্তার সাংবাদিকদের কাছে ওই সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে ফয়েজ মিয়া তার মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিষয়টির সমাধানে স্থানীয় মাতব্বররা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, অনশন ও দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।