ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত: ট্রাফিক কনস্টেবল বাবর আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা
ঢাকা:
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে দায়িত্ব পালনরত ট্রাফিক কনস্টেবল বাবর আলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। একটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, ফুলবাড়িয়া ট্রাফিক বক্সের সামনে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা গ্রহণ করেন কনস্টেবল বাবর আলী।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জুলাই বিকেল ৪টা ৩৬ মিনিটে ধারণ করা ৫৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল চালক মানিব্যাগ থেকে ৫০০ টাকার একটি নোট বের করে ট্রাফিক কনস্টেবল বাবর আলীর হাতে দেন। একই সময়ে বাবর আলী চালকের মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ফিরিয়ে দেন।
পরে বিষয়টি নিয়ে কনস্টেবল বাবর আলীর কাছে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। বরং বিষয়টি মীমাংসা করে দেওয়ার অনুরোধ জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংবাদ প্রকাশের পর ট্রাফিক বিভাগ ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবল বাবর আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিভাগীয় কার্যক্রমও শুরু হয়েছে।
ফুলবাড়িয়া ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের তদন্ত শেষে কনস্টেবল বাবর আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিভাগীয় প্রক্রিয়া চলমান রয়েছে।