সনদ যাচাইয়ে মিলল জালিয়াতির প্রমাণ, বরখাস্ত বেরোবির সহকারী পরিচালক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
নিয়োগের সময় জাল সনদ ব্যবহারের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সনদ যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্র মতে, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদপত্র জমা দেন।
পরবর্তীতে সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। জবাবে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি। পরে বিষয়টি যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, “সনদ যাচাইয়ে জালিয়াতির সত্যতা পাওয়া গেছে। এ কারণে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ধরনের অভিযোগে অভিযুক্ত অন্যদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”