সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাবার পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে সীতাকুণ্ড মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে রোববার সকালে ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা খাবার পানি পান করতে গিয়ে পানিতে দুর্গন্ধ ও সাদা ফেনা দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান থেকে বিরত থাকেন। পরে পানির সংরক্ষণ ট্যাংক পরীক্ষা করেও একই ধরনের ফেনা দেখতে পাওয়া যায়।
ঘটনাস্থলের কাছ থেকে বিষের একটি খালি কৌটা উদ্ধার করা হয়েছে। এদিকে ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র এ ধরনের নাশকতার চেষ্টা চালিয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ ক্যাম্পের খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।