ডেঙ্গু দমনে নতুন কৌশল, মশার প্রজননস্থল খুঁজতে ড্রোন নামাল শ্রীলঙ্কা
চলতি বছরে আক্রান্ত ৭৭ হাজারের বেশি, মৃত্যু ৫৬; ছাদ ও নির্মাণাধীন এলাকায় নজরদারি জোরদার
ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেঙ্গু সংকট মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী এখন ড্রোন ব্যবহার করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করছে।
সরকারি এই অভিযানে ভবনের ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত স্থান এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকে—এমন এলাকাগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে শনাক্ত হওয়া স্থানগুলোতে মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর শ্রীলঙ্কায় ডেঙ্গুতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, শুধু জুলাই মাসেই মোট আক্রান্তের এক-চতুর্থাংশের বেশি রোগী শনাক্ত হয়েছে।
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা সংক্রমিত এডিস মশার কামড়ে মানুষের শরীরে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় থাকে, বিশেষ করে সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগই নয়, বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি।