ফেনীতে শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে না থাকার নির্দেশ
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, অভিভাবকদের নজরদারি বাড়ানোর আহ্বান
ফেনী প্রতিনিধি:
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেনীতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে না থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে সময় কাটাচ্ছে, যার একটি অংশ পরে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এমন নয়। মূল উদ্দেশ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের অপ্রয়োজনে রাতের বেলায় বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা।
জেলা প্রশাসক জানান, শুক্রবার থেকেই সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মাইকিং শুরু হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে এবং বিষয়টি পর্যবেক্ষণে পুলিশও দায়িত্ব পালন করবে।