বিশ্বকাপ ফাইনালের আগে নিউজার্সিতে বায়ুদূষণের শঙ্কা, ‘তিন ঘণ্টা থাকা আড়াইটি সিগারেটের সমান’
কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান খারাপ; তবে নির্ধারিত সময়েই ফাইনাল আয়োজনের আশা আয়োজকদের
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউজার্সির বাতাসের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) সাবেক কর্মকর্তা ও বায়ুদূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি নিউইয়র্ক পোস্টকে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক সিটির বাতাসে পুরো একদিন শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমতুল্য ক্ষতির কারণ হতে পারে।
তিনি জানান, এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী প্রতি ২০ পয়েন্ট দূষণকে একটি সিগারেটের সমপরিমাণ ধরা হয়। বাতাসে থাকা অতিক্ষুদ্র দূষণকণা রক্তপ্রবাহে প্রবেশ করে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে এবং দীর্ঘমেয়াদে ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, বিরতি, সম্ভাব্য অতিরিক্ত সময় এবং পুরস্কার বিতরণীসহ বিশ্বকাপ ফাইনালের পুরো সময়—প্রায় তিন ঘণ্টা—স্টেডিয়ামে অবস্থান করলে তা আড়াইটি সিগারেট ধূমপানের সমপরিমাণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমান পরিস্থিতির জন্য কানাডা ও গ্রেট লেকস অঞ্চলের দাবানলকে দায়ী করা হচ্ছে। ধোঁয়ার কারণে নিউইয়র্ক ও নিউজার্সির আকাশ ধূসর হয়ে গেছে, দৃশ্যমানতা কমেছে এবং বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার মাত্রা বেড়েছে। বর্তমানে এ অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৫১ থেকে ২০০-এর মধ্যে রয়েছে, যেখানে ০ থেকে ৫০-কে ভালো মানের বায়ু হিসেবে ধরা হয়।
তবে বায়ুদূষণ সত্ত্বেও এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনাল স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকায় ধোঁয়া কমে বায়ুর মান উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, টুর্নামেন্টের শুরু থেকেই জাতীয় আবহাওয়া পরিষেবা ও ফিফা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, রোববারের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে এবং খেলোয়াড় ও দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করেই ফাইনাল আয়োজন করা হবে।