ভার্চুয়াল সাফল্যের মোহে হারাচ্ছে নতুন প্রজন্মের বাস্তবতা
এআইনির্ভর কনটেন্ট ও সামাজিক মাধ্যমের প্রভাব বাড়াচ্ছে মানসিক চাপ; প্রযুক্তির সঠিক ব্যবহারে পরিবার-সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান
প্রযুক্তির দ্রুত বিকাশ মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। তবে এর নেতিবাচক প্রভাবও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, বিশেষ করে নতুন প্রজন্মের চিন্তাভাবনা, মূল্যবোধ ও জীবনযাত্রায়। একসময় তরুণরা পরিবার, শিক্ষক কিংবা মনীষীদের জীবনসংগ্রাম ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিত। এখন সেই জায়গার বড় অংশ দখল করে নিয়েছে স্মার্টফোন, সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভার্চুয়াল জগৎ।
বর্তমানে এআইনির্মিত ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ও প্রযুক্তিনির্ভর আকর্ষণীয় কনটেন্ট তরুণদের সামনে এমন এক নিখুঁত জীবনের ছবি তুলে ধরছে, যার সঙ্গে বাস্তবতার অনেকটাই অমিল। বাস্তব জীবনের সংগ্রাম, ব্যর্থতা ও সীমাবদ্ধতার বিপরীতে সামাজিক মাধ্যমে প্রদর্শিত সাজানো সাফল্য এবং কৃত্রিম সৌন্দর্য অনেকের মধ্যে হতাশা, অপ্রাপ্তি ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অতিনাটকীয় সাফল্যের গল্প—বিশেষ করে বিসিএস বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার আবেগঘন উপস্থাপন—তরুণদের একটি ভুল ধারণার দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি ও পারিবারিক সহায়তার বাস্তব চিত্র আড়ালে থেকে যায়; সামনে আসে কেবল সাফল্যের চাকচিক্য। ফলে মেধা, দক্ষতা ও মানবিক গুণাবলির চেয়ে লাইক, কমেন্ট ও ফলোয়ারের সংখ্যাকেই অনেকে নিজের মূল্যায়নের মানদণ্ড হিসেবে বিবেচনা করতে শুরু করছে।
এই প্রবণতা তরুণদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ও আত্মপরিচয়ের সংকট বাড়াচ্ছে। একই সঙ্গে ভাষা, পোশাক ও সংস্কৃতিতে অন্ধ অনুকরণের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক ও সাংস্কৃতিক ভারসাম্যের জন্য উদ্বেগের বিষয়।
তবে প্রযুক্তিকে সম্পূর্ণ দায়ী করা বা বর্জন করাই সমাধান নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে বোঝাতে হবে, সামাজিক মাধ্যমে দেখা জীবন বাস্তবতার সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়; প্রকৃত সফলতা আসে অধ্যবসায়, অভিজ্ঞতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে।
যথাযথ নীতিমালা, প্রযুক্তি-সচেতনতা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রযুক্তিকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের সহযাত্রী হিসেবে গড়ে তোলা সম্ভব। বাস্তব জীবনের সম্পর্ক, নৈতিকতা ও সুস্থ সংস্কৃতির বিকাশই হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক সুরক্ষা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর পথ।