চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দলীয় তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জামায়াতের নিজস্ব অর্থায়নে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালীর দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, "আমাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আছেন। তার হাতকে শক্তিশালী করে বাঁশখালীর মানুষের স্থায়ী উন্নয়নে আমরা কাজ করব।"
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম টিমের সদস্য জাফর সাদেক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) ওমর সানি আকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, ডাকসুর জিএস এস এম ফরহাদ, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, শামসুজ্জামান হেলালীসহ দলীয় ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।