রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পাটক্ষেত থেকে নিখোঁজ যুবক আসাদুল ইসলামের (২৪) হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল ইসলাম কালুখালী উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে কালুখালী থানায় বিষয়টি জানান।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেন, আসাদুল সংগঠনটির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বলেন, রোববার বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই আসাদুল নিখোঁজ ছিলেন।
সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) Debabrata Sarkar বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।