গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১০ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ নিহত ব্যক্তি উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি পুলিশ তল্লাশিচৌকিতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
এ ছাড়া গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কারামা এলাকায় ইসরায়েলি হামলায় দুজন নিহত হন। উত্তর গাজার বিভিন্ন স্থানে পৃথক ড্রোন হামলায় প্রাণ হারান আরও চার ফিলিস্তিনি।
এর আগে, ২৩ নভেম্বর আলজাজিরার আরেক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর এক কর্মীও নিহত হয়েছেন। আদেল আল-হেলো নামের ওই কর্মী জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালন করছিলেন। ওই হামলায় আহত হন আরও তিনজন।
সূত্র: আলজাজির