বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান
বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তার স্বার্থে সবাইকে সরকারি তথ্য ও নির্দেশনার ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির প্রায় ১৫ মিনিট পেরিয়ে গেলেও সম্ভাব্য হামলার উৎস কিংবা কোন এলাকা লক্ষ্যবস্তু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাহরাইন।
এর আগে গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান।
পরবর্তী সময়ে তেহরান জানায়, সিরিকে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাডারটি আগাম হামলার সতর্কতা দেওয়ার কাজে ব্যবহৃত হতো।
পরে ইরান একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করে দাবি করে, তাদের হামলায় মার্কিন রাডারটি ধ্বংস হয়েছে।
তবে রোববার সকালে বাহরাইনে জারি করা সতর্কতার সঙ্গে ইরানের কোনো নতুন হামলার যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।