তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে
ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকার একটি আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বাদী।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তানজিন তিশা বাদীর বিষয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন।
এ ছাড়া বাদীর বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগও আনা হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে কল করে বাদীকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তানজিন তিশা।
বাদীর দাবি, গত ২৭ অক্টোবর তানজিন তিশা তাঁর ফেসবুক পেজে বাদীর অজান্তে একটি আপত্তিকর ছবি প্রকাশ করেন। ওই ছবিতে একজন নারীকে চুম্বন করার দৃশ্য ছিল। পাশাপাশি দুজন নাবালক শিশুর ছবিও প্রকাশ করা হয়। এসব ছবি ও বক্তব্যের মাধ্যমে বাদীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তানজিন তিশার প্রকাশিত বক্তব্য ও বিভিন্ন মন্তব্যে বাদীকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বিষয়টি ওই দিন রাত ১১টার দিকে বাদীর নজরে আসে। পরে আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরানো হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নিজের জনপ্রিয়তা ব্যবহার করে বাদীকে হেয় করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রথম মামলা করেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন তিনি। ওই মামলায় আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রষ্টব্য: মামলার অভিযোগগুলো বাদীপক্ষের বক্তব্য; আদালতে এখনো এসব অভিযোগ প্রমাণিত হয়নি।