রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ, এপিবিএন সদস্যের হাত-পা ভাঙার পর পায়ের রগ কাটার দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। বর্তমানে হবিগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে তার পরিবার।
পরিবারের অভিযোগ, বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও আসর বসত। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় মাদক কারবারিদের সঙ্গে আবুল কালামের বিরোধ তৈরি হয়। সম্প্রতি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হক (২৯) নামের দুই মাদক কারবারিকে ধরিয়ে দিতে তিনি সহযোগিতা করেন। এর জেরেই তাদের লোকজন তার ওপর হামলা চালায়।
আবুল কালামের বোন সুমাইয়া আক্তার বলেন, ‘আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই শাহাদাত ও এমদাদকে ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর রাতে তাদের লোকজন আমার ভাইয়ের ওপর হামলা চালায়। তার হাত-পা ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয়।’
আহত পুলিশ সদস্যের বাবা আবদুল মালেক জানান, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি তার ছেলেকে ফোন করে বিলের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা হামলাকারীরা তার ওপর আক্রমণ করে। এ সময় তার হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।