পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
নোয়াখালীর সেনবাগে একটি পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল।
আটক সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসার তথ্য পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামানো হয়।
পরে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা সৈয়দ নুরকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।
সেনবাগ থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।