গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া।
তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিকদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।
জেলা প্রশাসক বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ এবং মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, একটি কারখানার গুদাম ও একটি গাড়িতে আগুন দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ছাড়া হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরাও। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের প্রায় ১০০টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।