ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আরও ৫০৮ রুশ বিশেষজ্ঞ পাঠাবে মস্কো
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরও ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। এর ফলে কেন্দ্রটিতে কর্মরত রুশ বিশেষজ্ঞের সংখ্যা বেড়ে ৭০০ জনে দাঁড়াবে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন বিদ্যুৎ ইউনিট নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানান।
লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং সেখানে কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ রয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না, সেখানে কার্যক্রম বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।’
বর্তমানে কেন্দ্রটির নির্মাণ ও সেবাসংশ্লিষ্ট কাজে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ নিয়োজিত রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, তাঁদের সঙ্গে আরও ৫০৮ জন যুক্ত হবেন। এতে কেন্দ্রটিতে রুশ বিশেষজ্ঞের মোট সংখ্যা দাঁড়াবে ৭০০ জনে।
এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে মস্কো পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর লিখাচেভ জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করছে রোসাটম।
লিখাচেভ আরও জানিয়েছেন, নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এসব ইউনিটের নির্মাণকাজ শুরুর সময়সীমা ও প্রকল্পের আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।
রাশিয়া ও ইরানের পারমাণবিক জ্বালানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বুশেহর বিদ্যুৎকেন্দ্র। নতুন জনবল নিয়োগ এবং অতিরিক্ত বিদ্যুৎ ইউনিট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে রাশিয়ার ভূমিকা আরও বিস্তৃত হবে।
সূত্র: মেহের নিউজ